সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তিন শিশুর মৃত্যু হয়। তাদের সবার বয়স সাত মাসের মধ্যে। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২।
বুধবার (১৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
মারা যাওয়া তিন শিশু হলো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মুরাদপুর এলাকার মো. রুমেন মিয়ার মেয়ে রাইয়ান (৬ মাস), ছাতক উজেলার আঙুর মিয়ার ছেলে তাউসিফ ইসলাম (৫ মাস) এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া এলাকার মিনহাজের মেয়ে আমায়রা জান্নাত (৭ মাস)।
এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে একজন এবং এই সময়ে ৫৬ জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ১৭ জুন পর্যন্ত বিভাগে মোট ৩২৩ জন হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে চারজন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।
