logo

খোলার ৪ ঘণ্টা পর আ.লীগ কার্যালয়ে ভাঙচুর

খোলার ৪ ঘণ্টা পর আ.লীগ কার্যালয়ে ভাঙচুর

প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর দশমিনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয় ফের উদ্বোধন করা হয়। তবে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এই কার্যালয় উদ্বোধনের সাড়ে চার ঘণ্টা পরই উপজেলা ছাত্রদল ও যুবদলের কিছু কর্মী ওই কার্যালয় ভাঙচুর করে তালা লাগিয়ে দেন। 

জানা গেছে, চব্বিশের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বন্ধ ছিল দশমিনা সদর ইউনিয়নের নলখোলা বন্দরে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়টি। ১৮ মাস পর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সেটি পুনরায় উদ্বোধন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দশমিনা সদর ইউনিয়নের নলখোলা বন্দরে দলটির স্থায়ী কার্যালয় উদ্বোধনের সময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হাওলাদার ও দশমিনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ প্যাদার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন। 

দীর্ঘদিন পর কার্যালয় চালু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তবে চার ঘণ্টা পর, বেলা সাড়ে ১১টার দিকে ওই কার্যালয় ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেন উপজেলা ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী।

এ বিষয়ে প্রশাসনের অবস্থান জানতে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজকে ফোন করা হলেও তিনি ধরেননি।

এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপির নেতাদেরও বক্তব্য পাওয়া যায়নি।