গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন, দগ্ধ ৩

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।
অগ্নিদগ্ধরা হলেন-রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। তাদেরকে প্রথমে আলহেরা হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এলাকার আঃ সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুন আশপাশে ছড়িয়ে পড়লে তিনজন দগ্ধ হন। এসময় ওই ভবনের কয়েকটি কক্ষে আগুন লাগে। এছাড়া আগুনের ঘটনার পর আতঙ্কে শতশত মানুষ ছোটাছুটির সময় পড়ে গিয়ে বেশ কয়েকজন সামান্য আহতও হয়েছেন।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সাঈদ সুপার মার্কেটের সামনে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তারের মাধ্যমে আগুন ভবনে ছড়িয়ে পড়ে। আগুন পাশের তিনতলা ভবনেও ছড়িয়ে পড়ায় কয়েকটি দোকানপাটের মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।
দোকানদাররা জানান, বিকট শব্দে একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হয় আগুন লেগে যায়। মুহূর্তে আগুন পাশের সাঈদ সুপার মার্কেটেও ছড়িয়ে পড়ে। এসময় আগুনের ফুলকি ছিটকে গিয়ে কয়েকজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আলহেরা হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসেন বলেন, অগ্নিদগ্ধ তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।