logo

ঈশ্বরদীতে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধ আ.লীগের

ঈশ্বরদীতে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধ আ.লীগের
পাবনার ঈশ্বরদীতে গাছ কেটে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়ক অবরোধের চেষ্টা। ছবি: এশিয়া পোস্ট

পাবনার ঈশ্বরদীতে গাছ কেটে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে মহাসড়কের মানিকনগর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে মহাসড়কের পাশের একটি গাছ কেটে সড়কের ওপর ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করে। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছটি অপসারণ করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

এ ঘটনার পর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন সলিমপুর ইউনিয়ন বিএনপির নেতা আনারুল ইসলাম ও উপজেলা যুবদল নেতা মতিয়ার রহমান।

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টায় অল্প কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সড়ক থেকে গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।