পিরোজপুর/ভেজাল শিশুখাদ্য তৈরি, কারখানা মালিকের ২ বছরের কারাদণ্ড

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক অবৈধ ও নকল ভোগ্যপণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল ভেজাল খাদ্যসামগ্রী ও শিশুখাদ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জালিয়াতি ও প্রতারণার দায়ে কারখানার মালিক আল আমিন হাওলাদারকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে অবৈধ কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসানের নেতৃত্বে পৌর শহরের লক্ষ্মীপুরা মহল্লার একটি ভাড়া ভবনে এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে তৈরি করা বিপুল নকল পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে কৃষাণী চিনিগুড়া চাল, কাশ্মিরি সুগন্ধি চাল, নিউ সান আইসক্রিম, রোবো আইস পপ, ভেজাল মধু ও ডিটারজেন্ট পাউডার।
এ ছাড়া শিশুদের জন্য ক্ষতিকর জুস ও ড্রিংকস তৈরির কেমিক্যাল, ফ্লেভার, অনুমোদনহীন রং, পণ্য তৈরির যন্ত্রপাতি, ৪টি রেফ্রিজারেটর এবং ৩টি কম্পিউটার জব্দ করে প্রশাসন।
অভিযানকালে আটক আল আমিন অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। পরে জব্দ করা সব ভেজাল পণ্য ভান্ডারিয়া লঞ্চঘাট এলাকায় স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ও ভেঙে ধ্বংস করা হয়। অভিযানে ভান্ডারিয়া থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান জানান, নামহীন ওই কারখানায় দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ভোগ্যপণ্য ও শিশুখাদ্য তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামাল জব্দসহ কারখানাটি সিলগালা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
