logo

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, চালক ও সহকারী নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, চালক ও সহকারী নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে ভুসিবোঝাই ট্রাকের পেছনে আলুবোঝাই অপর একটি ট্রাকের ধাক্কায় আলুবোঝাই ট্রাকের চালক ও চালকের সহকারী নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার সৌলা এলাকার মাদ্রাসার সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাকচালক হানিফ মন্ডল (৫০) ও চালকের সহকারী শরিফুল ইসলাম (৪৩)। তারা দুজনই খুলনার পাইকগাছা এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে আলুবোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথে আগে থেকেই ভুসিবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় আলুবোঝাই দ্রুতগামী ট্রাকটি দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এ ঘটনায় আলুবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে যায় এবং ট্রাকের ভেতরে চালক ও চালকের সহকারী আটকা পড়েন। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের কেবিন থেকে চালকের সহকারী শরিফুলের মরদেহ ও চালক হানিফ মন্ডলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। আহত চালককে চিকিৎসার জন্য ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে দুপুর সাড়ে ১২টার দিকে চালক হানিফ মন্ডলের মৃত্যু হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ভোরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই আলুবোঝাই ট্রাকের চালকের সহকারী এবং পরে চিকিৎসাধীন অবস্থায় চালকের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।