logo

এশিয়া পোস্টে সংবাদ প্রকাশ, নিঃসন্তান দম্পতির পাশে ডু সামথিং ফাউন্ডেশন

এশিয়া পোস্টে সংবাদ প্রকাশ, নিঃসন্তান দম্পতির পাশে ডু সামথিং ফাউন্ডেশন
নিঃসন্তান দম্পতির কাছে বিভিন্ন খাবার সামগ্রী তুলে দেয় ডু সামথিং ফাউন্ডেশনের প্রতিনিধি। ছবি: এশিয়া পোস্ট

শেষ বয়সে দু-মুঠো অন্নের আকুতি নিয়ে দিন কাটানো সেই নিঃসন্তান দম্পতির পাশে আশার আলো হয়ে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডু সামথিং ফাউন্ডেশন’। এর আগে ২৫ অক্টোবর ‘শেষ বয়সে দু-মুঠো খাবারের আকুতি নিঃসন্তান দম্পতির’ শিরোনামে সংবাদ প্রকাশ করে এশিয়া পোস্ট। সংবাদটি নজরে আসার পরে বিভিন্ন সামাজিক সংগঠন তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বেসরকারি এ সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে গাইবান্ধার সাঘাটা উপজেলার গাছাবাড়ী গ্রামের নুরজাহান বেগম (৪৯) ও হাবিজার রহমানের (৫৩) দম্পতির জন্য ১ মাসের রান্নার খাবার সামগ্রীসহ নগদ অর্থ তুলে দেওয়া হয় ।

সংগঠনটির পক্ষ থেকে এশিয়া পোস্টের গাইবান্ধা প্রতিনিধি জাহিদ খন্দকার ওই দম্পতির বাড়িতে গিয়ে ৫০ কেজি চিকন চাল, ১ কেজি গরুর মাংস, মুসুর ডাল, তেল, লবণ, হলুদ, পেঁয়াজ, রসুন, বেগুন, মিষ্টি কুমড়াসহ রান্নার বিভিন্ন সামগ্রী ও ওষুধ কেনার জন্য নগদ অর্থ তুলে দেন ।

এসময় উপস্থিত ছিলেন কচুয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ফরমান আলী, স্থানীয় ব্যবসায়ী সাহাবুল ইসলাম ও সাংবাদিক ছদরুল ইসলাম।

এ বিষয়ে ‘ডু সামথিং ফাউন্ডেশন’-এর প্রতিনিধি বলেন, আমরা ডু সামথিং ফাউন্ডেশনের পক্ষে দীর্ঘ ১০ বছর থেকে মানবতার সেবায় কাজ করছি। সারাদেশের মতো গাইবান্ধাতেও আমরা অসহায় মানুষের সেবায় কাজ করছি। আগামীতেও এই পরিবারটির সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।