logo

স্মৃতিসৌধে জাতীয় পার্টি ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি

স্মৃতিসৌধে জাতীয় পার্টি ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি

মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের আগ মুহূর্তে জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর জাতীয় পার্টির নেতাকর্মীরা দাবি করেন, মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যানারসহ মিছিল ও ফুল নিয়ে লাইনে অপেক্ষায় থাকা অবস্থায় একটি গ্রুপ তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। তবে জাতীয় পার্টির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিরোধ করেন।

জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে দাবি করা হয়, ফ্যাসিবাদবিরোধী স্লোগান দেওয়ার সময় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির এক নেতার ওপর হামলা করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে আশপাশের লোকজন জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রতিহত করেন।

ঘটনার পরপরই জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের বলেন, আমরা এখনও জানি না, কারা করেছে (হামলা)। তবে একাত্তরবিরোধী চক্র, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা পাকিস্তানকে ধারণ করে, যারা পাকিস্তানে আবার ফিরে যেতে চায়, তারা এই পবিত্র জায়গায় এই অপবিত্র কাজটি করতে পারে।

তিনি বলেন, আমরা যখন মিছিল নিয়ে আসছিলাম তখন কিছু নেতাকর্মী আমাদের মিছিলে আক্রমণ করেছে। আমাদের নেতাকর্মীরা সেটি ভদ্রভাবে প্রতিহত করেছে।

ঘটনার বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সমাজসেবা সম্পাদক এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহসভাপতি আহসান লাবীব বলেন, আমাদের নেতাকর্মীরা ‘ফ্যাসিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান, মুজিববাদের দালালেরা হুঁশিয়ার, সাবধান’ এ ধরনের স্লোগান দিচ্ছিলেন।  এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা উদ্ধত আচরণ করেন। একপর্যায়ে তারা আমাদের ছাত্রশক্তির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি নাঈম আবেদিনের ওপর হামলা করলে নেতাকর্মীরা এবং আশপাশের লোকজন ক্ষিপ্ত হন। তখন আশপাশের লোকজন জাতীয় পার্টির ব্যানার ছিঁড়ে ফেলেন।