তক্ষকসহ ফের ধরা পড়লেন বন্যপ্রাণী পাচার চক্রের মূলহোতা সুমন

এশিয়া পোস্ট নিউজ, পিরোজপুর
তক্ষকসহ ফের ধরা পড়লেন বন্যপ্রাণী পাচার চক্রের মূলহোতা সুমন
গ্রেপ্তার সুমন আকন ও উদ্ধার করা তক্ষক। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিপন্ন বন্যপ্রাণী তক্ষকসহ দক্ষিণাঞ্চলের বন্যপ্রাণী পাচারকারী চক্রের মূলহোতা সুমন আকনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ ভাণ্ডারিয়ার মুসলিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার হওয়া তক্ষকটি বন বিভাগের সহায়তায় বনে অবমুক্ত করা হয়েছে।

গ্রেপ্তার সুমন আকন ভাণ্ডারিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার বারেক আকনের ছেলে। পুলিশ জানায়, সুমন দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলে বন্যপ্রাণী ও তক্ষক চোরাচালান সিন্ডিকেটের অন্যতম প্রধান নিয়ন্ত্রক হিসেবে কাজ করে আসছিল।

এর আগে, ২০২৩ সালের ২৫ জুন রাতে সুমনসহ আরও চারজনকে তক্ষকসহ আটক করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সে সিন্ডিকেট আরও শক্তিশালী করে পুনরায় চোরাচালান চক্রের হাল ধরে।

পুলিশ সূত্রে জানা গেছে, সুমনের বাড়িতে তক্ষক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি দল শুক্রবার দুপুরে তাঁর বসতবাড়িতে আকস্মিক অভিযান চালায়। অভিযানকালে তাঁর ঘর থেকে তক্ষকটি উদ্ধার করা হয়। বিক্রির উদ্দেশ্যে বন্যপ্রাণীটি অবৈধভাবে নিজ হেফাজতে রাখায় তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ভাণ্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীন হোসেন, কামরুজ্জামান ও রফিক অংশ নেন।

তক্ষকটি উদ্ধারের পর বন্যপ্রাণীটির সুরক্ষায় সেটিকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় প্রশাসন। পরবর্তীতে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে তক্ষকটিকে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করে পুলিশ।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিষয় :পিরোজপুর