logo

কুষ্টিয়ার সব পাম্পে বন্ধ রয়েছে জ্বালানি তেল বিক্রি

কুষ্টিয়ার সব পাম্পে বন্ধ রয়েছে জ্বালানি তেল বিক্রি

কুষ্টিয়ায় হঠাৎ তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে জেলা শহরসহ আশপাশের সব ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রয়েছে। এতে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সকাল থেকেই শহরের বিভিন্ন পাম্পে তেল নিতে ভিড় জমায় চালকরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেককে খালি হাতে ফিরতে দেখা গেছে। কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাননি। এতে চালকদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।

অকটেন নিতে আসা মোটরসাইকেল চালক আবু সাঈদ বলেন, ভোর থেকে তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু পাম্পে তেল দেওয়া হচ্ছে না। এমনিতেই একবারে ২০০ থেকে ৩০০ টাকার বেশি তেল পাওয়া যায় না, এখন পুরোপুরি বন্ধ থাকায় দুর্ভোগ বেড়েছে। তার মতো অনেকেই লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।

শহরের বিত্তিপাড়া এলাকার বাসিন্দা রাসেল হাসান বলেন, তেল নিতে এলেই দিনের বড় অংশ নষ্ট হয়ে যায়। সব কাজ ফেলে এসে তেল না পেলে পরিস্থিতি খুবই কঠিন হয়ে পড়ে। তার অভিযোগ, এ সংকটের পেছনে সমন্বয়হীনতা বা কোনো সিন্ডিকেট থাকতে পারে।

তবে পাম্প মালিকেরা বলছেন, মজুত না থাকায় সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। কুষ্টিয়া তেল পাম্প মালিক সমিতির সভাপতি আখতারুজ্জামান বলেন, প্রতিদিন নিয়মিত সরবরাহ থাকলেও আজ খুলনা ডিপো থেকে পেট্রোল ও অকটেন না আসায় বিক্রি বন্ধ রাখতে হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।