নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, আশঙ্কাজনক ৩ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ১টা ৫৫ মিনিটের দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৪৩ মিনিটে আগুন নির্বাপণ করা সম্ভব হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. সুলতান মাহমুদ শিকদার শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল আল আরেফিন এশিয়া পোস্টকে বলেন, মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে। এতে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে। ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকায় নেওয়া হয়। আগুনের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।