হঠাৎ হবিগঞ্জ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ফার্মাসিস্টকে বদলি

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে কর্মস্থলে অনুপস্থিত থাকায় রিগান হোসেন নামের এক ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। তিনি হাসপাতালের সার্জারি বিভাগ ও বহির্বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। পাশাপাশি রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। পরিদর্শনকালে ফার্মাসিস্ট রিগান হোসেনের ডিউটিতে অনুপস্থিত থাকার বিষয়টি মন্ত্রীর নজরে আসলে তিনি তাঁকে তাৎক্ষণিকভাবে বদলির নির্দেশ দেন।
হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখার সময় পরিচ্ছন্নতার বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের অন্যান্য জেলা হাসপাতালের তুলনায় হবিগঞ্জ সদর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা খুবই খারাপ।
এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন ও হাসপাতালের পরিবেশ উন্নত করার কড়া নির্দেশ দেন। এ ছাড়া হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী তিন সপ্তাহ পর সারাদেশে আবারও হাম প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
শিশুদের যথাসময়ে টিকার আওতায় আনার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, হাম প্রতিরোধে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের শালদুধ খাওয়ানো নিশ্চিতের পাশাপাশি অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন হতে হবে।
স্বাস্থ্যমন্ত্রীর এ আকস্মিক পরিদর্শনের সময় জেলা প্রশাসকসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



