শপিংয়ের জন্য ডেকে নিয়ে ছুরিকাঘাত করা প্রিয়াকে বাঁচানো গেল না

মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় ছুরিকাঘাতে আহত তরুণী প্রিয়া আক্তার মারা গেছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার (১৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম।
প্রিয়া আক্তার কালকিনি উপজেলার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের সাইদ বেপারীর মেয়ে।
সাইদ বেপারী বলেন, আমার মেয়েকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে যায় বায়েজিদ। সে আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে। আমি বায়েজিদের ফাঁসি চাই।
পুলিশ জানায়, গত শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ঈদ শপিংয়ের কথা বলে প্রিয়াকে বাড়ি থেকে ডেকে নেয় তার কথিত প্রেমিক বায়েজিদ। ভুরঘাটা এলাকায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে প্রিয়ার গলায় আঘাত করে বায়েজিদ। প্রিয়ার গলার একটি বড় অংশ কেটে যায়। ঘটনার পর প্রিয়াকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায় বায়েজিদ। প্রিয়ার ব্যবহৃত ফোনও নিয়ে যায় তারা। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান।
কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়নি। ঘটনার পর থেকে বায়েজিদ পলাতক রয়েছে।