logo

মানিকগঞ্জে শিশুর লাশ উদ্ধার ঘিরে উত্তেজনা, গণধোলাইয়ে নিহত ২

মানিকগঞ্জে শিশুর লাশ উদ্ধার ঘিরে উত্তেজনা, গণধোলাইয়ে নিহত ২

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শিশু হত্যার জেরে গণধোলাইয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকা থেকে দুদুল মিয়ার মেয়ে ৮ বছরের আতিকা নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ছড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের। এ ঘটনার পর সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করে উত্তেজিত এলাকাবাসী গণধোলাই দেয়।

হাটিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, গণধোলাইয়ের শিকার পান্নু মিয়া (৩৮) ও মোহাম্মদ রনি (২৪) মারা গেছেন। তাদের মারধরের পর পানিতে ফেলে রাখা হয়। এছাড়া পান্নু মিয়ার ছেলে নাজমুলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সদর থানার ডিউটি অফিসার এএসআই আব্দুর রাজ্জাক বলেন, হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকা থেকে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা কয়েকজনকে গণধোলাই দিয়েছেন।

মানিকগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, বিকেলের দিকে একটি শিশু নিখোঁজ হয়। পরে তার মরদেহ ভুট্টা ক্ষেতে পাওয়া যায়। পরে সন্দেহভাজন হিসেবে তিনজনকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। এ সময় দুইজনের মৃত্যু হয়। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।