Advertisement

মাদকবিরোধী ক্যাম্পেইনে মাদক কারবারিদের হামলা

এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
মাদকবিরোধী ক্যাম্পেইনে মাদক কারবারিদের হামলা
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন চলাকালে কারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এতে গোলজার হোসেন (৪৬) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের সরকারপাড়া মাদ্রাসা মোড়ে এলাকাবাসী ও সুধীসমাজের উদ্যোগে একটি মাদকবিরোধী ক্যাম্পেইনের আয়োজন করা হয়। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেওয়া শতাধিক মানুষ এলাকায় মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন। কিন্তু কর্মসূচি শেষের পথে ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি নাছির উদ্দিন (৫২) ও তার তিন ছেলে রমজান আলী (৩২), হযরত আলী (২৮) এবং কফিল উদ্দিন (২০) লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালান। এতে গোলজার হোসেন গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় শুক্রবার রাতেই আহত গোলজার হোসেন চারজনের নাম উল্লেখ করে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রত্যক্ষদর্শী আমিনুর রহমান, আলম মিয়া, মাসুদ রানা ও আলতাফ হোসেন জানান, অভিযুক্ত পরিবারটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, মাদকবিরোধী ক্যাম্পেইন শেষের দিকে আমার সামনেই হামলার ঘটনাটি ঘটে। এটি অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।