logo

গাইবান্ধায় কারাবন্দি আওয়ামী নেতার মৃত্যু

গাইবান্ধায় কারাবন্দি আওয়ামী নেতার মৃত্যু

গাইবান্ধা জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়া পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামিকুল ইসলাম লিপন (৫৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

মৃত সামিকুল ইসলাম সরকার লিপন নিষিদ্ধ আওয়ামী লীগের পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি ও পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ছিলেন।

কারাসূত্রে জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গাইবান্ধা জেলা কারাগারে থাকা অবস্থায় সামিকুল ইসলাম হঠাৎ অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

রাত ১২টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজে নেওয়া হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোরের দিকে মারা যান।

গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন এশিয়া পোস্টকে সামিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আরও জানান, সামিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তিনি অসুস্থ হওয়ার পরপরই গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে তাকে সেখানে পাঠানো হয়।