কুঁড়েঘরে মিলল বিপুল পরিমাণ চোরাই স্বর্ণ ও নগদ টাকা

বরগুনার সদর উপজেলার একটি কুঁড়েঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, চোরাই স্বর্ণালংকার ও একটি চোরাই অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার (২৯ জুলাই) রাতে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকার একটি কুঁড়েঘরে এই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কুদরত-ই-খুদা জানান, একটি সন্দেহভাজন চোরাই অটোরিকশার সূত্র ধরে বরগুনা সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকার একটি কুঁড়েঘরে তল্লাশি চালিয়ে নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা, আনুমানিক ১৪ লাখ টাকা মূল্যের ১০টি স্বর্ণালংকার এবং একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।
এ সময় মোছা. খাদিজা ও মোছা. মরিয়ম নামে দুই নারীকে আটক করা হয়। তবে অভিযানের সময় আরও দুজন পালিয়ে যান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় চুরির মামলা করা হয়েছে।
পুলিশ সুপার জানান, এর আগে বরগুনা সদর থানা পুলিশ একটি চোরাই অটোরিকশা জব্দ করে। পরে ওই অটোরিকশার মালিকানা দাবি করে ঢাকার একটি প্রতিষ্ঠানের ক্যাশ মেমো উপস্থাপন করা হয়। নথিপত্র সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ অটোরিকশাটি ছেড়ে দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর গোপনে নজরদারি শুরু করে। সেই নজরদারির ভিত্তিতেই আদাবাড়িয়ার ওই বাড়িতে অভিযান চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও অটোরিকশা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, বাড়ির মালিক ইব্রাহিমের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। তবে উদ্ধার হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার কোন কোন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট, তা যাচাই-বাছাই চলছে।
পলাতক আসামিদের গ্রেপ্তার এবং চোর চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
.png)






