logo
Advertisement

পেট্রোল ঢেলে নিজের ঘরে আগুন, পুড়ে ছাই আরও ১১ ঘর

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,লক্ষ্মীপুর
পেট্রোল ঢেলে নিজের ঘরে আগুন, পুড়ে ছাই আরও ১১ ঘর
আগুনে পুড়ে ছাই একটি বসতঘর। ছবি: এশিয়া পোস্ট

লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে গেছে। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারের পাশের ১ নম্বর ওয়ার্ডের আশহক আলী ব্যাপারি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Advertisement

জানা গেছে, স্থানীয় রফিক উল্যার ছেলে সোহেল নেশাগ্রস্ত অবস্থায় নিজের ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তে আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের মূল সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তদন্ত করে জানানো সম্ভব হবে।

ক্ষতিগ্রস্ত জাবের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক হোসেন বলেন, আগুনে তার দোকানের বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানের পেছনের বসতঘরটিও পুরোপুরি পুড়ে গেছে। তার দাবি, সোহেলই আগুন লাগিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, সোহেল মাদকাসক্ত এবং তার অগ্নিসংযোগের কারণেই এই আগুনের সূত্রপাত হয়েছে। পরে স্থানীয় বাসিন্দারা সোহেলকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করেন।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া এবং উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সহায়তার আশ্বাস দেন।