logo

নারায়ণগঞ্জে জেলের জালে লুট হওয়া পুলিশের শটগান

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে জেলের জালে লুট হওয়া পুলিশের শটগান
জেলের জালে উঠে আসা লুট হওয়া পুলিশের শর্টগান। ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে একটি শর্টগান উঠে এসেছে। পরে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে অস্ত্রাগারের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হয়েছে, এটি ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশেরই একটি আগ্নেয়াস্ত্র।

সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় একটি পুকুরে জেলেরা শর্টগানটি পায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে জেলেরা ওই পুকুরে জাল ফেলে মাছ ধরছিলেন। একপর্যায়ে টানা দেওয়ার সময় জালে ভারী কিছু অনুভূত হলে তারা সেটি টেনে তোলেন এবং একটি শর্টগান দেখতে পান। বিষয়টি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশকে খবর দেন। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম অস্ত্রাগারের রেজিস্টারের সঙ্গে নম্বর মিলিয়ে নিশ্চিত করেন, উদ্ধার হওয়া শর্টগানটি আড়াইহাজার থানা-পুলিশের। অস্ত্রটির বাট নম্বর ৬৫১।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, উদ্ধার হওয়া শর্টগানটি থানার অস্ত্রাগারের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হওয়া গেছে যে এটি গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া তালিকাভুক্ত অস্ত্র। কীভাবে এটি পুকুরে গেল এবং এতদিন সেখানে পড়ে ছিল, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। অস্ত্রটি বর্তমানে মালখানায় সংরক্ষণ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এশিয়া পোস্টকে জানান, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে এটি একটি। কীভাবে শর্টগানটি পুকুরে পৌঁছাল তা নিয়ে তদন্ত চলছে। উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি লুট হওয়া অন্যান্য অস্ত্র উদ্ধারেও অভিযান ও অনুসন্ধান জোরদার করা হয়েছে।