মে থেকে আগস্ট পর্যন্ত দেশব্যাপী বৃক্ষরোপণ করা হবে: পরিবেশমন্ত্রী

আগামী মে থেকে আগস্ট মাস পর্যন্ত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
তিনি বলেছেন, সরকার জনজীবনের মানোন্নয়ন ও দূষণমুক্ত দেশ গড়তে বদ্ধপরিকর। সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলা করা। এ লক্ষ্যে ইতোমধ্যে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুরে ফেনী সার্কিট হাউসে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, প্রচলিত পদ্ধতিতে মাটি পুড়িয়ে ইট তৈরি পর্যায়ক্রমে বন্ধ করা হবে। রাতারাতি এটি পরিবর্তন করা সম্ভব নয়। পরিবেশবান্ধব ব্লক ইটে রূপান্তর হতে কিছুটা সময় লাগবে। পরিবেশ রক্ষার স্বার্থে আমাদের অবশ্যই ব্লক ইটের দিকে যেতে হবে। পরিবেশ খাতে অতীতে যে ধরনের অনিয়ম ও লুটপাট হয়েছে, ভবিষ্যতে তা হতে দেওয়া হবে না। ভবিষ্যতে যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত হবে, তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে।
ঢাকা শহরের বর্তমান বায়ুমান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ঢাকার বায়ুদূষণ বর্তমানে বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে। পরিবেশের উন্নয়ন ছাড়া জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব নয়। দূষণ কমানো এখন আমাদের জাতিগত দায়িত্ব। এটি শুধু স্বাস্থ্যের ক্ষতি করছে না, বরং দেশের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করছে। মানুষের গড় আয়ু কমিয়ে দিচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ফেনীর জেলা প্রশাসক মুনিরা হক, পুলিশ সুপার শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহ নবী নেওয়াজ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোবাশ্বের হোসেন মো. রাজিব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন মামুন, দাগনভূঁইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, সদস্য সচিব কামরুল উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।