খাদ্যে ভেজাল: দুজনের পাঁচ মাস জেল, এক লাখ টাকা জরিমানা

এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
খাদ্যে ভেজাল: দুজনের পাঁচ মাস জেল, এক লাখ টাকা জরিমানা
ভ্রাম্যমাণ আদলতের অভিযান। ছবি: এশিয়া পোস্ট

মাদারীপুর সদর উপজেলায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদেরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জেএস মার্কেটিং ফিডিং নামের একটি প্রতিষ্ঠানের কর্মচারী হাবিবুল্লাহ ও শামিম হাওলাদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন খাদ্যসামগ্রী বাজারজাত করে আসছিল বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্যসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে ছিল ভোজ্যতেল, ডাল, চিনি, সাবানের গুঁড়া, ডিশ ওয়াশিং বার, পোলাওয়ের চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ভোগ্যপণ্য। পরে এসব পণ্য জব্দ করে ধ্বংস করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। গোডাউন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য উৎপাদন, মজুত ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।