হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখার নির্দেশ গণপূর্ত প্রতিমন্ত্রীর

জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। একই সঙ্গে জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান উন্নয়ন, রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।
এ ছাড়াও পিরোজপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
রোববার (১১ অক্টোবর) সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
এ সময় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও শান্তিপূর্ণ পিরোজপুর গড়ে তুলতে সংশ্লিষ্ট সব দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা কাম্য নয়। জনস্বার্থে নেওয়া সিদ্ধান্তগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা ও জনসেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এ ছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান আহম্মদ সোহেল মনজুর। পাশাপাশি মাদকদ্রব্যের বিস্তার ও মাদকব্যবসা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে কঠোর নজরদারি ও আইনানুগ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
এ সময় সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ মতিউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এমপি মাসুদ সাঈদী বলেন, পিরোজপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নিতে হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকের বিস্তার রোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সব মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পূজামণ্ডপে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।
