logo

সাংবাদিকদের নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য, ছাত্রদল নেত্রীকে শোকজ

সাংবাদিকদের নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য, ছাত্রদল নেত্রীকে শোকজ
ফেনী সরকারি কলেজ ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক চুমকি আক্তার। ছবি: এশিয়া পোস্ট

ফেসবুক লাইভে এসে সাংবাদিকদের নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক চুমকি আক্তারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেনী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন স্বাক্ষরিত দলীয় প্যাডে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে একই ঘটনায় তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় পৃথক চারটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী চার সাংবাদিক।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ফেনী মডেল থানায় পৃথক জিডি দায়ের করেন স্থানীয় সাপ্তাহিক স্বদেশ কণ্ঠের সম্পাদক নুর তানজিলা রহমান, এনটিভি অনলাইনের ফেনী প্রতিনিধি জাহিদুল আলম রাজন, ৭১ টিভির ফেনী ব্যুরোর ফটোসাংবাদিক আবদুল আল নোমান এবং সাপ্তাহিক ফেনী সমাচারের স্টাফ রিপোর্টার কাওছার আহমেদ।

অভিযোগে জানা যায়, চুমকি আক্তার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি ও হেনস্তার অভিযোগ তোলেন। লাইভে তিনি তার পাঁচ বছর বয়সী সন্তানকে অপহরণের অভিযোগ তোলার পাশাপাশি মামলায় ফাঁসানো এবং নিজে আত্মহত্যা করলে ওই চার সাংবাদিককে দায়ী করার কথা বলেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, আমরা চার সাংবাদিক নিয়ে চুমকি আক্তারের ফেসবুক লাইভ ও জিডির বিষয়টির বিস্তারিত জানতে তাকে শোকজ করেছি। এ বিষয়ে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।