চাঁপাইনবাবগঞ্জে তেল সংকটের গুজব, পাম্পে ভিড়

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পে হঠাৎ করেই মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাতে জেলা শহর ও বিভিন্ন উপজেলার প্রায় ৩০-৩৫টি পাম্পে জ্বালানি তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইন দেখা যায়। তবে পাম্পে আসা অধিকাংশ চালকই তেল কেনার সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি। তাদের একাংশের দাবি, অন্যদের ভিড় ও তেল কেনার হুড়োহুড়ি দেখে আতঙ্কিত হয়েই তারা লাইনে দাঁড়িয়েছেন।
এদিকে জ্বালানি তেলের সংকটের বিষয়টিকে ভিত্তিহীন ও অহেতুক ‘গুজব’ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আলিম জানান, এ ধরনের আতঙ্ক ছড়ানো নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়। জেলায় তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ ব্যবস্থাও সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বর্তমানে দেশে যে পরিমাণ জ্বালানি তেল মজুত আছে, তা দিয়ে আগামী দুই মাস অনায়াসে চলে যাবে বলে তিনি আশ্বস্ত করেন।
তিনি অভিযোগ করে আরও বলেন, একটি অসাধু চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে কৃত্রিম তেল সংকটের গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ধরনের চক্রকে চিহ্নিত করার চেষ্টা চলছে উল্লেখ করে অহেতুক আতঙ্কিত না হতে এবং যেকোনো গুজবে কান না দেওয়ার জন্য চালকদের প্রতি আহ্বান জানান তিনি।
.png)





