বিপৎসীমার ওপর দিয়ে বইছে তিস্তার পানি

এশিয়া পোস্ট নিউজ, নীলফামারী
বিপৎসীমার ওপর দিয়ে বইছে তিস্তার পানি
তিস্তার পানি বইছে বিপৎসীমার উপর দিয়ে। ছবি: এশিয়া পোস্ট

টানা বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। এতে নীলফামারীর তিস্তা তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ফসলি জমিতে পানি ঢুকতে শুরু করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে বইছে, অর্থাৎ ৫২ দশমিক ১৬ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর আগে, একই দিন দুপুর ১২টায় নদীর পানি বিপৎসীমার ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী। তিনি বলেন, উজানের ঢলে দুপুরের তুলনায় পানি কিছুটা বেড়েছে। তবে বর্তমানে পানির স্তর স্থিতিশীল রয়েছে। পানি আরও বাড়ার আশঙ্কা খুবই কম। আশা করা যায়, রাতের মধ্যেই পানির স্তর কমতে শুরু করবে।