ছাত্রীরা ‘জয় বাংলা’ স্লোগান লিখে দিল দেয়ালে, ঘটনা খতিয়ে দেখছে পুলিশ

চুয়াডাঙ্গায় বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লেখাকে কেন্দ্র করে সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর জড়িত থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি গলির বিভিন্ন বসতবাড়ির দেয়ালে এসব স্লোগান লেখা দেখতে পান স্থানীয়রা। পরে ওই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার দুপুর ১২টা ১৭ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বিদ্যালয়ের সামনের গলিতে বিভিন্ন বসতবাড়ির দেয়ালে ‘মুজিব সেনা’সহ নানা স্লোগান লিখছে। একটি লেখার নিচে নিঝুম নামে এক ছাত্রীর নামও লেখা হয়। পরে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
স্থানীয়রা জানান, বিদ্যালয়ের সামনের গলির কয়েকটি বসতবাড়ির দেয়ালে কালো রঙের স্প্রে দিয়ে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’, ‘উই আর মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লেখা হয়েছে। এসব স্লোগান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে ব্যবহৃত রাজনৈতিক স্লোগান হিসেবে পরিচিত। ঘটনাটি জানাজানি হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ দেয়াল থেকে লেখাগুলো মুছে ফেলার উদ্যোগ নেয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, দুপুরে স্কুলের ছাত্রীরা এই দেয়ালে স্লোগান লিখেছে। এতে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। ছাত্রীরা এই ধরনের কাজ করবে, এটি মোটেও আশা করা যায় না।
পুলিশ জানায়, বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির কয়েকজন ছাত্রী এসব স্লোগান লিখেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট ছাত্রীদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানা পুলিশ। এদিকে, জেলা প্রশাসকের নির্দেশে বিদ্যালয় কর্তৃপক্ষ দেয়ালের লেখাগুলো মুছে ফেলেছে।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, ছাত্রীরা স্লোগান লেখার বিষয়টি জানার পর জেলা প্রশাসকের নির্দেশে সেগুলো মুছে ফেলা হয়েছে। দেয়ালে স্লোগান লেখার ঘটনায় পঞ্চম শ্রেণির একজন, সপ্তম শ্রেণির পাঁচজন ও অষ্টম শ্রেণির একজন ছাত্রী জড়িত ছিল। লেখাটি সপ্তম শ্রেণির শিক্ষার্থী লিখেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ছাত্রী ও তাদের অভিভাবকদের বিদ্যালয়ে ডাকা হয়। তাদের লিখিত বক্তব্য নেওয়ার পাশাপাশি মৌখিকভাবেও কথা বলা হয়েছে।
তিনি আরও বলেন, ছাত্রীদের দাবি, অষ্টম শ্রেণির এক ছাত্রী তাদের স্লোগানটি লিখতে বলেছিল। ওই ছাত্রীর কথায় তারা মজার ছলে লেখাটি লিখেছে। স্লোগান লেখার সময় ওই ছাত্রী ক্যামেরার পেছনে দাঁড়িয়ে ছিল বলেও তারা জানিয়েছে। ওই ছাত্রীর পরিচয় ও ভূমিকা সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। এ ছাড়া সংশ্লিষ্ট ছাত্রীদের অভিভাবকেরা লিখিতভাবে জানিয়েছেন, তাদের মেয়েরা কোনো রাজনৈতিক পরিবারের সদস্য নয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ছাত্রীদের দেয়ালে স্লোগান লেখার বিষয়টি জানতে পেরে তা মুছে ফেলার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়। পরে বিদ্যালয়ের কর্মচারীরা দেয়ালের সব লেখা মুছে ফেলেন। এ ঘটনায় নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নিতেও প্রধান শিক্ষককে বলা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা বলেন, ঘটনাটি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে। কাদের নির্দেশে ছাত্রীরা দেয়ালে এসব স্লোগান লিখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই ও পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
