logo

নির্বাচন ঘিরে সীমান্তে অবৈধ অস্ত্রের ঝনঝনানি

নির্বাচন ঘিরে সীমান্তে অবৈধ অস্ত্রের ঝনঝনানি

চাঁপাইনবাবগঞ্জের অরক্ষিত সীমান্ত রুটগুলো দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসছে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য। এতে করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে আতঙ্ক বাড়ছে। মাঝেমধ্যে বিজিবির সদস্যরা কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারলেও লোকচক্ষুর আড়ালে অনেক অস্ত্র দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে।

এদিকে নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, সীমান্তবর্তী এলাকায় ততই বাড়ছে অবৈধ অস্ত্রের ঝনঝনানি। ভারত থেকে আসা এসব মরণাস্ত্র ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। এতে করে ভোটারদের মধ্যেও ছড়িয়ে পড়ছে আশঙ্কা। শুধু ভোটাররাই নন, অবৈধ অস্ত্র ঢুকে পড়ায় শঙ্কিত প্রার্থীরাও।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে ভারতের ১৩১ দশমিক ৩ কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় ৩৯ কিলোমিটার এলাকা কাঁটাতারবিহীন। এসব অরক্ষিত পথ পাচারকারীদের প্রধান ট্রানজিট পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে।

বিজিবির তথ্যানুযায়ী, গত ৬ মাসে ৫৩ বিজিবি ৬টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন, ২৯ রাউন্ড গুলি ও ২ কেজি ৩০০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করেছে। একই সময়ে ৫৯ বিজিবির সদস্যরা উদ্ধার করেছে ৬টি অস্ত্র, ২১ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন। সবশেষ গত ১৫ ডিসেম্বর শিবগঞ্জের গোপালপুর এলাকায় একটি ব্যাগ থেকে চারটি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।

শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘ভারত থেকে আসা অবৈধ অস্ত্র আসন্ন ভোটে ভয় ধরাচ্ছে। কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা গেলেও অনেক অস্ত্র দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হচ্ছে।’

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন নারায়ণপুরের বাসিন্দা নাজমুল হোদা বলেন, ‘ভারত থেকে সীমান্ত পেরিয়ে অবাধে আসছে অস্ত্র। এর ফলে উদ্বিগ্ন এলাকার মানুষ।’

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এবং ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার লক্ষ্যেই এসব অস্ত্র আনা হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা। নির্বাচনকে সামনে রেখে অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।’