নাটোরে ভ্যানচালক প্রান্ত হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

নাটোরের বাগাতিপাড়ায় ভ্যানচালক প্রান্ত সর্দারকে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের মামলায় চারজনকে যাবজ্জীবন এবং একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে ১০ লাখ টাকা করে এবং পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে নাটোরের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এই রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—নাটোরের বাগাতিপাড়ার বেগুনিয়া গ্রামের শরিফুল ইসলাম, মাজেদুল মন্ডল, রানা হোসেন এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলার লিটন মন্ডল। এ ছাড়া পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি হলেন রাজশাহীর বাঘা উপজেলার শওকত আলী। সাজাপ্রাপ্তদের মধ্যে শরিফুল ইসলাম বর্তমানে পলাতক রয়েছেন।
নাটোর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদার টগর মামলার এজাহারের বরাতে জানান, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ভ্যানচালক প্রান্ত সর্দারকে বাগাতিপাড়ার পাকা বাজারে যাওয়ার কথা বলে ভাড়া করেন কয়েকজন যাত্রী। পথে যাত্রীবেশে থাকা আসামিরা চালক প্রান্তকে হত্যা করে ভ্যান, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে মরদেহ একটি পটলখেতে ফেলে পালিয়ে যায়।
পরদিন সকালে স্থানীয় কৃষকরা মরদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে নিহতের বাবা জিয়া সর্দার ঘটনাস্থলে পৌঁছে সন্তানের মরদেহ শনাক্ত করেন এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বাগাতিপাড়া থানায় একটি হত্যা মামলা করেন।
মামলা দায়েরের পর পুলিশ তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার করে। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে পুলিশ তাদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ শেষে আদালত বুধবার এ রায় ঘোষণা করেন।
.png)






