logo

অপশক্তি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: তালুকদার খোকন

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
অপশক্তি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: তালুকদার খোকন
মাদারীপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। ছবি: এশিয়া পোস্ট

একটি অপশক্তি বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

তিনি বলেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা বর্তমান সরকারকে বিতর্কিত করতে ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদের নামাজ আদায় শেষে মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম খান্দুলীতে নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক তালুকদার খোকন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন, সেগুলোর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। উন্নয়নের এ ধারা আগামী পাঁচ বছর অব্যাহত থাকবে।

তিনি বলেন, অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। কারণ বিএনপি দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের ভোটে সরকার গঠন করতে সক্ষম হয়েছে।

গত ১৭ বছর বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে উল্লেখ করে দলটির এই নেতা বলেন, বিএনপি রাজপথের পরীক্ষিত দল। বর্তমান সরকারকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।

এ সময় তিনি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের ধারা এগিয়ে নেওয়ার আহ্বান জানান।