logo

কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ৩৩ বাংলাদেশি

কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ৩৩ বাংলাদেশি

ভারতে কারাভোগ শেষে পাচার হওয়া ৩৩ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু দেশে ফিরেছেন। গতকাল রোববার (২২ মার্চ) সন্ধ্যায় যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে এসব নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে আনা হয়। এরমধ্যে ৪টি শিশু, ৪ জন নারী ও ২৫ জন পুরুষ রয়েছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী-শিশু পাচার রোধ বিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

বেনাপোলে কর্মরত যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের শফিকুল ইসলাম বলেন, ‌দালালের মাধ্যমে পাচারের শিকার ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। সেখান থেকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার পর জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা বলেন, ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশিদের ইমিগ্রেশন কার্যক্রম শেষে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।