খুলনার আলোচিত সন্ত্রাসী শুটার ইমরানসহ পাঁচজন ঢাকায় গ্রেপ্তার

খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ ‘বি-কোম্পানি’র প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী ও শুটার হিসেবে পরিচিত ইমরানসহ পাঁচজনকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) । এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-৬ ও এসআরবি-২-এর যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ইমরানের (৪০) বিরুদ্ধে খুলনায় হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার অন্য চারজন হলেন ইমন খান (২১), মো. আল আমিন (২০), রফিকুল ইসলাম (২১) ও হানিফ সিকদার (১৯)। তাদের সবার বাড়ি খুলনার রূপসা উপজেলায়।
এসআরবি-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইমরান খুলনার শীর্ষ সন্ত্রাসী এবং বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি ওই সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য এবং মাদক সরবরাহের অন্যতম হোতা।
সংস্থাটির দাবি, খুলনা আদালত চত্বরে আলোচিত জোড়া খুন, রূপসায় দেড় মাসের ব্যবধানে সংঘটিত পিতা-পুত্র হত্যা, খুলনা সদর থানার অস্ত্র মামলা এবং গোপালগঞ্জ সদর থানার মাদক মামলাসহ একাধিক মামলায় ইমরান ও তার সহযোগীদের সংশ্লিষ্টতা রয়েছে।
এ ছাড়া খুলনা মহানগরী এবং জেলার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকায় বি-কোম্পানির চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ততার তথ্য রয়েছে বলে জানিয়েছে এসআরবি। অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
এসআরবি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
