কেরানীগঞ্জে গোপনে গ্যাস সিলিন্ডার রিফিল ও বাজারজাত

ঢাকার কেরানীগঞ্জে গোপনে গড়ে ওঠা একটি অবৈধ গ্যাস রিফিল কারখানায় অভিযান চালানো হয়েছে। যেখান থেকে ঝুঁকিপূর্ণভাবে এলপিজি সিলিন্ডারে গ্যাস ভরে বাজারজাত করা হচ্ছিল।
বুধবার (২২ এপ্রিল) কোনাখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও উমর ফারুক। এ সময় কারখানার মূল ফটক ভেতর থেকে বন্ধ করে শ্রমিকরা কাজ করছিলেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, বিভিন্ন নামী কোম্পানির খালি সিলিন্ডার সংগ্রহ করে তাতে গ্যাস ভরে বাজারে সরবরাহ করা হচ্ছিল। অথচ এ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় কোনো বিস্ফোরক লাইসেন্স বা সরকারি অনুমোদন ছিল না।
তিনি আরও বলেন, এ ধরনের অবৈধ কার্যক্রম জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। যেকোনো সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারত।
অভিযানের সময় কারখানার মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, কেরানীগঞ্জে ছড়িয়ে থাকা এ ধরনের অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানার বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।