গাজীপুরে বনকর্মীদের ওপর দখলদারদের হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
গাজীপুরে বনকর্মীদের ওপর দখলদারদের হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতরা। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরের শ্রীপুরে সরকারি বনভূমি উদ্ধার অভিযানে গিয়ে অবৈধ দখলদারদের হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ বন বিভাগের ১৬ কর্মী আহত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন—ঢাকা বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান, শ্রীপুর সদর বিট কর্মকর্তা আকতার হোসেন, সাতখামাইর বিট কর্মকর্তা বিপ্লব হোসেন, ফরেস্ট গার্ড আলমগীর, দেওয়ান শাকিল, কামাল মিয়া, আলমগীর হোসেন, আবদুল মজিদ এবং গাড়িচালক সোহেলসহ ১৬ জন।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকায় সিএস ২ নম্বর খতিয়ানভুক্ত বন বিভাগের জমি দখল করে ঘর তুলছিলেন স্থানীয় দুলাল ও আরমান নামের দুই ব্যক্তি। মঙ্গলবার সকালে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমানের নেতৃত্বে বন বিভাগের ২৫-৩০ জনের একটি দল ওই জমি উদ্ধারে যায়। বেলা সাড়ে ১১টার দিকে উচ্ছেদ অভিযানে বাধা দেন দুলাল ও আরমান। একপর্যায়ে তাদের নেতৃত্বে অর্ধশতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বনকর্মীদের ওপর আকস্মিক হামলা চালায়। এ সময় রেঞ্জ কর্মকর্তার ব্যবহৃত সরকারি গাড়িটিও ভাঙচুর করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিজন কুমার মালাকার বলেন, আহতদের মধ্যে রেঞ্জ কর্মকর্তা ও সদর বিট কর্মকর্তার আঘাত গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :গাজীপুর