logo

অ্যাপ ইনস্টল করে উধাও অর্ধলাখ টাকা

অ্যাপ ইনস্টল করে উধাও অর্ধলাখ টাকা

চাঁদপুরের এক ব্যক্তি অসতর্কতাবশত মোবাইল ফোনে একটি অচেনা অ্যাপ ইনস্টল করে প্রায় অর্ধলাখ টাকা হারিয়েছেন। প্রতারক চক্রের কবলে পড়ে তিনি এখন বিপাকে পড়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে সহায়তা পেতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন ওই যুবক।

ভুক্তভোগীর নাম প্রদ্যুৎ কুমার আচার্য (৪৯)। তিনি শহরের পুরানবাজার এলাকার মৃত অমূল্য চন্দ্র আচার্যী ও মৃত মায়া রানী আচার্যীর ছোট ছেলে। পেশায় জ্যোতিষশাস্ত্রের গবেষক ও সনাতনী পুরোহিত।

প্রদ্যুৎ কুমার আচার্য জানান, শুক্রবার মোবাইল ব্যবহার করার সময় হঠাৎ একটি অ্যাপ ইনস্টল করেন। এরপরই তার ফোন হ্যাং হয়ে বন্ধ হয়ে যায়। পরে এক টেকনিশিয়ানের সহায়তায় ফোন চালু করলে তিনি বুঝতে পারেন, তার ফোনটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেছে।

তিনি বলেন, আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৫০০ টাকা তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি ফোনে সংযুক্ত সোনালী ব্যাংকের অ্যাপ থেকেও আরও ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যেসব নম্বরে টাকা পাঠানো হয়েছে, সেগুলোর তথ্য মোবাইলের বার্তায় রয়েছে। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহম্মেদ বলেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগীকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে।

প্রতারিত হওয়ার পর প্রদ্যুৎ কুমার আচার্য চরম হতাশা প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহায়তা কামনা করেছেন।