এক ইলিশের দাম ২৩ হাজার টাকা

চাঁদপুরের বড়স্টেশন পাইকারি মাছ বাজারে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ২২ হাজার ৭৯৮ টাকায়। মৌসুমের শুরুতেই রেকর্ড দামে একটি ইলিশ বিক্রি হওয়ায় বাজারজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে মাছটি বিক্রির জন্য চাঁদপুর বড়স্টেশন মাছ বাজারে আনা হলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে ঢাকার অনিক নামে এক ব্যবসায়ী ডাকের মাধ্যমে মাছটি কিনে নেন।
জানা গেছে, নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে শুক্রবার রাতে সুজন নামে এক জেলের জালে এই বিশালাকৃতির মাছটি ধরা পড়ে। পরে অধিক লাভের আশায় তিনি মাছটি চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন পাইকারি বাজারে নিয়ে আসেন।
বড়স্টেশন পাইকারি মাছ বাজারের শান্তি আড়তের মৎস্য ব্যবসায়ী সম্রাট বেপারী জানান, মাছটির ওজন ছিল ২ কেজি ৯৯০ গ্রাম (প্রায় তিন কেজি)। নিলামে প্রতি মণ ইলিশের দাম ওঠে ৩ লাখ ৫ হাজার টাকা। সেই হিসাবে এই মাছটির প্রতি কেজির দাম পড়েছে ৭ হাজার ৬২৫ টাকা। বড় সাইজের ইলিশের বিপুল চাহিদা থাকায় প্রত্যাশার চেয়েও ভালো দাম পাওয়া গেছে।
আড়তদাররা বলছেন, ইলিশের মূল মৌসুম এখনো পুরোদমে শুরু হয়নি। তবে দক্ষিণাঞ্চলের সাগর ও উপকূলীয় নদ-নদীতে ইতোমধ্যে ছোট-বড় বিভিন্ন আকারের ইলিশ ধরা পড়তে শুরু করেছে। বাজারে বড় আকারের ইলিশের আমদানি তুলনামূলক কম বলেই এর আভিজাত্য ও মূল্য দুই-ই বেশি।
ব্যবসায়ী সম্রাট বেপারী আরও বলেন, মৌসুম পুরোদমে শুরু হলে বাজারে ইলিশের সরবরাহ আরও বাড়বে এবং তখন দাম কিছুটা কমতে পারে। কিন্তু এখন বড় ইলিশ খুবই কম আসছে, তাই দাম চড়া।
স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, বর্ষা যত বাড়বে, নদীতে ইলিশের ঝাঁক তত বেশি আসবে এবং বাজার পরিস্থিতিও স্বাভাবিক হবে। তবে বর্তমানে সীমিত সরবরাহ এবং উচ্চ চাহিদার কারণে বড় আকারের ইলিশ সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।




