বিদ্যালয়ে মারা গেলেন প্রধান শিক্ষক

রাঙামাটির বাঘাইছড়ির উগলছড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত চাকমা হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (১৬ জুন) সকালে বিদ্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় এ ঘটনা ঘটে।
সহকর্মীরা জানান, প্রতিদিনের মতো বিদ্যালয়ে আসেন প্রধান শিক্ষক প্রশান্ত চাকমা। সকালে বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষক প্রশান্ত চাকমার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার বিদেহী আত্মার শান্তিকামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হামিদ বলেন, প্রধান শিক্ষক প্রশান্ত চাকমার বাড়ি উগলছড়ি নিউ লাইল্যাঘোনা এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে উগলছড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং এলাকায় একজন সজ্জন ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, সকালে প্রশান্ত চাকমাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে এর আগেই মারা যান তিনি। প্রাথমিকভাবে স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
