বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল মরদেহ

ময়মনসিংহের গৌরীপুরে ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজের পরদিন
এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বয়রা বাজারে অবস্থিত ব্রহ্মপুত্র নদের বয়রা ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. মোকরামিন হাসান রাফি (২৫) একই এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেল তিনটার দিকে তিন বন্ধুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যান রাফি। একপর্যায়ে তারা সাঁতরে গভীর পানিতে চলে যান। এ সময় দুই বন্ধু সাঁতরে পাড়ে উঠতে পারলেও রাফি তীব্র স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চালায়। তবে প্রথম দিন কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকালে আবারও উদ্ধার তৎপরতা শুরু হলে একপর্যায়ে রাফির মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ফুফাতো ভাই এখলাছুর রহমান বলেন, রাফি সাঁতার জানত। গোসলের একপর্যায়ে গভীর পানিতে চলে যাওয়ার পর সে পাড়ে ওঠার চেষ্টা করছিল। কিন্তু তীব্র স্রোতের কারণে শত চেষ্টা করেও ব্যর্থ হয়ে ধীরে ধীরে পানিতে তলিয়ে যায়। রাফি খুব ভালো ছেলে ছিল। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ জোহর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
