রডের বদলে বাঁশ দেওয়া সেই সেতু ভেঙে দিল প্রশাসন

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
রডের বদলে বাঁশ দেওয়া সেই সেতু ভেঙে দিল প্রশাসন
নির্মাণকাজে অনিয়মের প্রমাণ পাওয়ায় সেতুটির ত্রুটিপূর্ণ অংশ আংশিক ভেঙে ফেলা হয়েছে। ছবি: এশিয়া পোস্ট

বরিশালের আগৈলঝাড়ায় একটি সেতু নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগের সত্যতা মিলেছে প্রশাসনের তদন্তে। স্থানীয়দের অভিযোগ ছিল, সেতু নির্মাণে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে। অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসন ও প্রকৌশল বিভাগ সেতুর একটি অংশ ভেঙে পরীক্ষা করলে সেই অভিযোগের সত্যতা পাওয়া যায়।

Advertisement

উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্মাণকাজে অনিয়মের প্রমাণ পাওয়ায় সেতুটির ত্রুটিপূর্ণ অংশ আংশিক ভেঙে ফেলা হয়েছে।

জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নে প্রায় ৪৫ ফুট দীর্ঘ একটি আয়রন ব্রিজ নির্মাণের কাজ চলছিল। প্রকল্পের নকশা অনুযায়ী নির্ধারিত পরিমাণ রড এবং পাঁচ ইঞ্চি পুরু কংক্রিট ঢালাই থাকার কথা থাকলেও বাস্তবে তা মানা হয়নি বলে অভিযোগ ওঠে।

স্থানীয়দের দাবি, ঢালাইয়ের পুরুত্ব কমিয়ে আনা হয়েছে এবং নির্মাণকাজে প্রয়োজনীয় রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তের অংশ হিসেবে প্রশাসনের উপস্থিতিতে সেতুর একটি অংশ ভেঙে দেখা হয়।

সোমবার (২৯ জুন) বিকেলে সেতুটি ভাঙার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক ও উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী উপস্থিত ছিলেন।

এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী জানান, ভাঙা অংশে রডের পাশাপাশি বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে, যা নির্মাণমানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্মাণকাজে অনিয়মের প্রমাণ পাওয়ায় সেতুটির ত্রুটিপূর্ণ অংশ আংশিক ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিষয় :বরিশাল