নাটোরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে এএসআই আহত

নাটোরের গুরুদাসপুরে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশের এএসআই আজিজ আহত হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজারের রসুন হাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলু ও পৌর মেয়র প্রার্থী দুলাল সরকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় এএসআই আজিজ গুরুতর আহত হন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করলে এএসআই আজিজ আহত হন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।