ছেলেকে ছাত্রলীগ থেকে ফেরাতে ব্যর্থ, সংবাদ সম্মেলনে ত্যাজ্য ঘোষণা বাবার

ছেলেকে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি থেকে ফেরাতে ব্যর্থ হয়ে সংবাদ সম্মেলন করে ত্যাজ্য করার ঘোষণা দিয়েছেন বাবা।
সোমবার (২২ জুন) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সংবাদ সম্মেলন করেন আব্দুল ওহাব শেখ নামের ওই ব্যক্তি।
উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গি এলাকার রাজীব ফার্নিচার নামের একটি দোকানের অফিস কক্ষে সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, তার ছোট ছেলে সজীব শেখ ছাড়া পরিবারের অন্য সদস্যরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
লিখিত বক্তব্যে আব্দুল ওহাব শেখ বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করি। আমার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯নং ওয়ার্ডের সভাপতি। আমার ছোট ছেলে সজীব শেখ সঙ্গদোষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে। তার পদ-পদবি নেই।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর জানতে পারি সে ছাত্রলীগের সঙ্গে যুক্ত। অনেক বোঝানোর চেষ্টা করা হলেও সে কিছুতেই বুঝতে চায় না। তাই আমরা সপরিবারে ছেলে সজীব শেখকে ত্যাগ করলাম। এখন থেকে সজীবের কোনো কার্যক্রমে আমাদের কোনো দায়ভার থাকবে না, তার দায়িত্ব সম্পূর্ণ নিজের।






