সাঁকো ভেঙে বিপাকে ২০ গ্রামের মানুষ, ছয় মাসেও মেলেনি সমাধান

যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের ওপর কাঠ ও বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় দুই পাড়ের ২০ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। সাঁকো ভাঙার ছয় মাসেও মেলেনি কোনো সমাধান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারী বর্ষণ, নদীর প্রবল স্রোত ও কচুরিপানার চাপে কপোতাক্ষ নদের ওপর নির্মিত প্রায় ১৮০ ফুট দীর্ঘ কাঠ ও বাঁশের সাঁকোটি ধসে পড়ে। এতে যশোরের কেশবপুর ও সাতক্ষীরার শার্শা অঞ্চলের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ বন্ধ হয়ে যায়।
সাঁকোটি ভেঙে যাওয়ায় সাতক্ষীরার শার্শা, সানতলা, কৃষ্ণনগর, পাঁচপাড়া, সেনেরগাতী, সরুলিয়া, ধানদিয়া ও কুঠিরঘাট এবং যশোরের সাগরদাঁড়ি, কোমরপোল, চিংড়া, বগা, নেহালপুর, মহাদেবপুর ও রেজাকাটিসহ আশপাশের ২০ গ্রামের মানুষ বিপাকে পড়েছেন।
স্থানীয়দের ভাষ্য, ২০১১ সাল থেকে নিজেদের উদ্যোগে সাঁকোটি নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে আসছেন তারা। প্রতি বছর বর্ষা মৌসুমে নদীর স্রোতে সাঁকোটি ক্ষতিগ্রস্ত হলেও এবার তা পুরোপুরি ধসে পড়েছে। এরপর থেকে দুই পাড়ের মানুষের যোগাযোগের একমাত্র ভরসা নৌকা। শত শত শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীরা।
এলাকাটির অন্যতম আকর্ষণ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা সাগরদাঁড়ির মধুপল্লী। এখানে রয়েছে কলেজ, সরকারি পলিটেকনিক স্কুল ও কলেজ এবং সাগরদাঁড়ি মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। সাঁকো ভেঙে যাওয়ায় এসব প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীকে প্রতিদিন নৌকায় নদী পার হয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।

শুধু শিক্ষা নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর প্রভাব পড়েছে। কপোতাক্ষের ওপারের অনেক গ্রামের মানুষের কেনাকাটা ও ব্যবসা-বাণিজ্যের প্রধান কেন্দ্র সাগরদাঁড়ি বাজার। সাঁকো ভেঙে যাওয়ায় বাজারে মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন কমেছে। এতে ক্রেতা-বিক্রেতা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, স্থায়ী সেতু নির্মাণের আশ্বাসে বিভিন্ন সময়ে পরিদর্শন ও জরিপ করা হলেও বাস্তবে কোনো অগ্রগতি নেই। দায়িত্বশীল দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতা ও উদ্যোগের অভাবে বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, প্রতিদিন ওপার থেকে অনেক ক্রেতা ও কৃষক বাজারে আসেন। সাঁকো ভেঙে যাওয়ায় ক্রেতা কমে গেছে, মালামাল আনতেও সমস্যা হচ্ছে। সাগরদাঁড়ি বাজার কমিটির সভাপতি সুভাষ দেবনাথ বলেন, প্রায় ১৮০ ফুট দৈর্ঘ্যের সাঁকোটি নদের স্রোতে ভেঙে ভেসে যাওয়ায় ওপারের ব্যবসায়ীরা মালামাল নিয়ে বাজারে আসতে ব্যাপক সমস্যায় পড়েছেন।
সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি বাণিজ্য মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্যামল কুমার ঘোষ বলেন, সাঁকো ধসে পড়ায় কপোতাক্ষের দুই পাড়ের শিক্ষার্থীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঝুঁকিপূর্ণ নৌকায় পারাপারের কারণে অভিভাবকরাও সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় থাকেন। পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এখানে দ্রুত স্থায়ী সেতু নির্মাণ প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এম এ জাসির বলেন, সাগরদাঁড়ি ও শার্শা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কপোতাক্ষ নদের ওপর স্থায়ী সেতু নির্মাণের প্রস্তাবনা ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন পেলে দ্রুত নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী সমাধান হবে।
