logo

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি, ভিডিও ধারণ ও প্রচার না করতে নির্দেশনা

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি, ভিডিও ধারণ ও প্রচার না করতে নির্দেশনা
চট্টগ্রাম বন্দর। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা, সংরক্ষিত এলাকা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অনুমতি ছাড়া ছবি তোলা, ভিডিও ধারণ এবং তা প্রচার না করার কঠোর নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার এবং জাতীয় অর্থনীতি, আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।

আন্তর্জাতিক মানদণ্ড ও জাতীয় নিরাপত্তা বিধিমালা অনুসরণ করে বন্দরের সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বন্দরটি আন্তর্জাতিক জাহাজ ও বন্দর সুবিধা সংক্রান্ত নিরাপত্তা (আইএসপিএস) বিধিমালা অনুসরণ করে জিরো অবজারভেশন অর্জন করেছে এবং দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ক’ শ্রেণির কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) হিসেবে বিবেচিত। সেই সুবাদে সংরক্ষিত এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।