খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

শরীয়তপুরের ভেদরগঞ্জে বাড়ির সামনে খেলতে গিয়ে পুকুরে ডুবে রাইয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অজান্তে পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহিষার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছৈয়াল বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাইয়ান ওই এলাকার প্রবাসী রুবেল ছৈয়ালের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে খেলছিল রাইয়ান। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে পাশের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে রাইয়ানকে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এরপর দ্রুত ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাইয়ানের দাদা আব্দুর রফ ছৈয়াল বলেন, সকালে বাড়ির পাশেই খেলাধুলা করছিল রাইয়ান। হঠাৎ তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসতে দেখা যায়। উদ্ধার করে ভেদরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এভাবে আমার নাতি চলে যাবে, এটা কখনো কল্পনা করিনি। আমার প্রবাসী ছেলের কাছে এখন আমি কী জবাব দেব? সবার কাছে আমার নাতির জন্য দোয়া চাই।
মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ অরুন হাওলাদার বলেন, পরিবারের অজান্তে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছোট শিশুদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক ও নজরদারি রাখার অনুরোধ জানান তিনি।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি তারা জানতে পেরেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পানিতে ডুবে শিশুর মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক উল্লেখ করে অভিভাবকদের শিশুদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

