বর্ণাঢ্য আয়োজনে পঞ্চগড়ে এশিয়া পোস্টের উদ্বোধন

দেশের প্রথম সারির মাল্টিমিডিয়া অনলাইন পোর্টাল ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে পঞ্চগড়ে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১১ মে) বেলা ১১টায় পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে কেক কেটে উদ্বোধন করা হয় নতুন এ গণমাধ্যমের কার্যক্রম।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে পঞ্চগড় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং এখন টিভি ও কালের কণ্ঠের প্রতিনিধি লুৎফর রহমান সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হায়াতুন আলম ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন।
বক্তারা বলেন, এশিয়া পোস্ট নতুন ধারার একটি গণমাধ্যম হিসেবে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরবে। তারা আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে এশিয়া পোস্ট সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করবে এবং দেশের উন্নয়ন ও সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় এশিয়া পোস্টের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন অতিথিরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, প্রেসক্লাবের স্থায়ী পরিষদের সদস্য ও চ্যানেল ২৪ এবং দৈনিক আমার দেশের প্রতিনিধি হোসেন রায়হান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, মোকাদ্দেসুর রহমান সানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী এবং পঞ্চগড় প্রেসক্লাবের সদস্যরা।