logo

‘হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা অগ্রহণযোগ্য’

‘হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা অগ্রহণযোগ্য’
শরীয়তপুরে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন। ছবি: এশিয়া পোস্ট

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালের সামনে ঢাকা-শরীয়তপুর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে চিকিৎসকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসাসেবা ব্যাহত হবে এবং সাধারণ মানুষ ভুক্তভোগী হবে।

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মিতু আক্তার বলেন, রোগীর স্বজন ও বহিরাগতদের একটি সংঘবদ্ধ দল ডা. নাসির ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় ডা. নাসির ইসলাম আমাকে ফোন করে পরিস্থিতি জানান। তিনি নিরাপদ স্থানে সরে একটি কক্ষে আশ্রয় নেওয়ার পর দরজা ভেঙে তাকে বের করে পুনরায় মারধর করা হয়। এই ধরণের ঘটনা অত্যন্ত নৃশংস ও বর্বর।

শরীয়তপুরের সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন বলেন, অসুস্থ রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছিলেন দায়িত্বরত চিকিৎসক। কিন্তু স্বজনরা সেই পরামর্শ উপেক্ষা করে রোগীকে হাসপাতালে রেখে দেন। পরে রোগীর মৃত্যু কেন্দ্র করে প্রায় শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে চিকিৎসকদের ওপর হামলা চালায়।

তিনি বলেন, এ ধরনের ঘটনায় চিকিৎসকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে চিকিৎসক পদায়নে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।