ময়মনসিংহ মেডিকেলে র্যাবের অভিযানে ১৪ দালাল আটক

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অভিযান চালিয়ে ১৪ দালালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে হাসপাতাল চত্বর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো. আতিকুল ইসলাম, মোহাম্মদ রফিক আলী, ইমরান বাদশা, আসাদ, আহসান উল্লাহ, মনির, টুটুল আমিন, আনিস হোসেন, মো. রানা, মো. সোহাগ মিয়া, মনির হোসেন, শিলা আক্তার, জীবন হোসেন এবং আক্তার হোসেন।
তাদের আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। অন্যজনকে অর্থদণ্ড দেওয়া হয়।
র্যাব জানায়, হাসপাতালে দালালদের প্রতারণার বিষয় জানতে পেরে দুপুরে দুই ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে র্যাব-১৪ এর একটি দল। এতে নেতৃত্ব দেন র্যাব-১৪ ময়মনসিংহ সদর দপ্তরের কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান। এ সময় ১৪ দালালকে আটক করা হয়। আটকদের মধ্যে একজন নারী ও ১৩ জন পুরুষ।
তারা দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও প্রবেশপথে অবস্থান নিয়ে রোগী ও তাদের স্বজনদের টার্গেট করত। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা দরিদ্র ও অসহায় রোগীদের ভুল তথ্য দিয়ে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বিভ্রান্ত করত। পরে উন্নত ও দ্রুত চিকিৎসার আশ্বাস দিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করত।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান বলেন, হাসপাতালের ভেতর ও আশপাশের এলাকায় দালালচক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। সাধারণ রোগী ও তাদের স্বজনদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.png)






