logo

‘ভোট দিবার আইসা দেহি মেলা বড় লাইন’

‘ভোট দিবার আইসা দেহি মেলা বড় লাইন’

‘সকাল বেলা বাড়ির কাম-কাজ শেষ কইরা ভোট দিবার আইসা দেহি মেলা বড় লাইন। এর আগে ভোট দিবার আইলে তো শুনতাম ভোটই শেষ। কিন্তু এবার লম্বা লাইনে দাঁড়িয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে শান্তি লাগছে।’  শেরপুর জেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে এসে এশিয়া পোস্টকে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান মোছা. রহিমা খাতুন।

আরেক ভোটার মো. হাবিব মিয়া বলেন, ‘এর আগে দেশে মেলা ভোট হইছে এবারের মতো না। এবারের ভোট একেবারে সুষ্ঠু হইতাছে। আমাদের বাড়ির আশপাশের সবাইকে গিয়ে বলব দ্রুত ভোট দিতে আসতে। প্রশাসন কঠোর অবস্থানে আছে দেখে ভালো লেগেছে।’

শেরপুর-১ (সদর) আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ২ লাখ ২৬ হাজার ৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৫টি। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৪টি, গুরুত্বপূর্ণ ৪০টি, আর সাধারণ ভোটকেন্দ্র ৮১টি।

নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে শেরপুর-২ আসন। এখানে ২টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৩৪ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ১৫ হাজার ৭৮৬ জন ও নারী ২ লাখ ২৪ হাজার ২৪৮ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৫৪টি। এখানে অধিক গুরুত্বপূর্ণ ৫৫টি, গুরুত্বপূর্ণ ৫৯টি আর সাধারণ ভোটকেন্দ্র ৪০টি।

এই দুই আসনে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনি এলাকায় দায়িত্বে থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।