logo

হাসপাতাল চালুর দাবিতে সুমেক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
হাসপাতাল চালুর দাবিতে সুমেক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: এশিয়া পোস্ট

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিতকরণ ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে টানা নবম দিনের মতো ক্লাস বর্জন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের (সুমেক) শিক্ষার্থীরা প্রথমে ক্লাস বর্জন করেন। পরে তারা কলেজের সামনের সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ সময় শিক্ষার্থীরা সড়কে বাঁশ, চেয়ার ও বেঞ্চ ফেলে যান চলাচল বন্ধ করে দিলে দুপাশে অসংখ্য যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে জনদুর্ভোগের কথা বিবেচনা করে দুপুর ১২টায় তারা অবরোধ প্রত্যাহার করে নেন।

অবরোধ চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাকিব, পিয়াস চন্দ্র দাস, আজহারুল ইসলাম, ফয়সাল বাদশা, তানভীর আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, শীর্ষেন্দু বিশ্বাস রোহান ও কে এম সাজিদ প্রমুখ।

বক্তারা বলেন, প্রথমে ২০২৪ সালের ২৪ জুন এবং দ্বিতীয় দফায় ২০২৫ সালের অক্টোবর মাসে হাসপাতালটি চালু করার কথা থাকলেও তা হয়নি। ২০২৬ সালে এসেও নানা অজুহাতে হাসপাতাল চালু করা হচ্ছে না। কর্তৃপক্ষের তৎপরতায় কুষ্টিয়া মেডিকেল কলেজ যদি তিন মাসের মধ্যে চালু করা সম্ভব হয়, তবে সুনামগঞ্জ মেডিকেল কলেজ কেন এত বছরেও চালু হলো না? কর্তৃপক্ষের বারবার দেওয়া আশ্বাসে আমরা হতাশ। এখন আমরা সরকারের কাছ থেকে লিখিতভাবে হাসপাতাল চালুর রোডম্যাপ জানতে চাই। লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।

হাসপাতাল চালুসহ বিভিন্ন দাবি আদায়ে গত ২১ জুন থেকে লাগাতার ক্লাস বর্জন, বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।