logo

ময়মনসিংহে বাসচাপায় ৭ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

ময়মনসিংহে বাসচাপায় ৭ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
গ্রেপ্তার ইকবাল হোসেন। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহ নগরীতে ‘রাজিব পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ সাতজন নিহতের ঘটনায় বাসচালক ইকবাল হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) রাত দেড়টায় গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইকবাল হোসেন গাজীপুর জেলার সদর উপজেলার পালের পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম। তিনি জানান, ঘটনার পর মামলা হওয়ার পর থেকেই বাসচালক ইকবালকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। বুধবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, গত ২ অক্টোবর দুপুরে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের বাসটি বাইপাস সড়কের গন্দ্রপা এলাকা অতিক্রম করার সময় মুক্তাগাছাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে দুর্ঘটনাটি ঘটে।

পরবর্তীকালে ওই দিন সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের বাসিন্দা মো. মোবারক আলী বাদী হয়ে চালককে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। রাতেই অভিযোগটি মামলা হিসেবে নথিবদ্ধ করা হয়।

দুর্ঘটনায় নিহতরা হলেন জামালপুর সদরের দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) এবং মর্জিনার ছেলে মিনান (৫)। নিহত অন্য তিনজন হলেন একই জেলার বীর গোবিন্দপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক সুজন আলী (৪৪) এবং বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগম (৩৯)।