জমি নিয়ে বিরোধ, প্রতিমা বিসর্জন না দিয়ে সড়ক অবরোধ

জমি নিয়ে বিরোধের জেরে রংপুর নগরের ঠিকাদারপাড়ায় প্রতিমা বিসর্জন না দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীদের একাংশ। অন্যদিকে, জমি থেকে প্রতিমা সরিয়ে বিসর্জন দেওয়ার দাবিতে অবস্থান নিয়েছেন জমির মালিক ও তার লোকজন।
বুধবার (২১ অক্টোবর) নগরীর ঠিকাদারপাড়ায় সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। রাত সাড়ে ১০টা পর্যন্ত পুলিশ উভয় পক্ষকে নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করছিল।
স্থানীয়রা জানান, ২০০৭ সাল থেকে প্রতিবছর স্থানীয় দশরথের তিন শতক জমিতে মন্দির স্থাপন করে দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে। চলতি বছর পূজা উদযাপন কমিটি দুর্গাপূজার পরও কালীপ্রতিমাসহ অন্য প্রতিমা রেখে সেখানে স্থায়ী মন্দির স্থাপনের প্রস্তুতি নেয়।
বুধবার প্রতিমা বিসর্জনের সময় জমির মালিক দশরথ সব প্রতিমা সরিয়ে জমি খালি করার দাবি জানান। এ নিয়ে তার সঙ্গে পূজা উদযাপন কমিটির বিরোধ দেখা দেয়। এরপর স্থায়ী মন্দির স্থাপনের দাবিতে পূজা উদযাপন কমিটির লোকজনসহ সনাতন ধর্মাবলম্বীদের একাংশ সড়ক অবরোধ করেন।
অন্যদিকে, নিজের জমি খালি করার দাবিতে দশরথ ও তার লোকজন সড়কের অপর পাশে অবস্থান নেন। জমির মালিকপক্ষের দাবি, মন্দিরের পুরোনো ও নতুন সব প্রতিমা সরিয়ে জমি খালি করে দিতে হবে।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তদন্ত কর্মকর্তা মিলন চ্যাটার্জি বুধবার রাত সাড়ে ১০টায় এশিয়া পোস্টকে বলেন, পূজা উদযাপন কমিটির লোকজন প্রতিমা বিসর্জন দিতে চান, তবে মন্দির খালি করতে চান না। তারা মন্দিরের দখল ধরে রাখতে চান। অন্যদিকে, জমির মালিকপক্ষ সব প্রতিমা সরিয়ে জমি খালি করার দাবি জানিয়েছে। পুলিশ দুপক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করছে।

